পুঁজিবাজারে গত সপ্তাহে বেড়েছে সূচক ও লেনদেন

 
 
 
 
গেল সপ্তাহের শেষ দিকে পুঁজিবাজারের সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। সপ্তাহের শুরুর দিকে সূচক কমতে থাকলেও পরে কিছুটা বাড়ায় সপ্তাহ শেষে সার্বিক মূল্যসূচক আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন—আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ গ্রহণে রাজনৈতিক অস্থিতিশীলতা কমার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, যা বাজারের সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলেছে, পতনের প্রবণতা থেকে বেরিয়ে এসেছে উভয় পুঁজিবাজার।
গত সপ্তাহে চার দিন লেনদেন হয়েছে। এর মধ্যে প্রথম দুই দিন সূচক কমলেও শেষের দুই দিন বেড়েছে। ডিএসইর তথ্যে দেখা গেছে—গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ছিল ৪ হাজার ৪৬৮ পয়েন্ট। সপ্তাহ শেষে তা বেড়ে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাত্ সপ্তাহশেষে সূচক বেড়েছে ৪১ পয়েন্ট। আগের সপ্তাহে সার্বিক মূল্যসূচক ৮৮ পয়েন্ট কমেছিল। গত সপ্তাহে ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ১ হাজার ২৩ কোটি ৪১ লাখ টাকা। অর্থাত্ এ সপ্তাহে লেনদেন বেড়েছে ১৬৫ কোটি ৫১ লাখ টাকা।
খাতভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা গেছে—লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ খাতের। সপ্তাহের মোট লেনদেনের ২২ ভাগই হয়েছে এ খাতে। এ ছাড়া, জ্বালানি খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১৩ ভাগ। সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল এসিআই কোম্পানি। এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহের মোট লেনদেনের প্রায় সাড়ে ৬ শতাংশই হয়েছে এ কোম্পানি ঘিরে। লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। ৫১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির। লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি।
সাপ্তাহিক পুঁজিবাজার সম্পর্কে আইডিএলসির বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের ব্যাপক দর সংশোধনের পর গেল সপ্তাহে কিছুটা ইস্তফা দিয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হতে শুরু করেছে। ফলে নতুন তহবিল আসতে শুরু করেছে। এতে লেনদেন ও সূচক কিছুটা বেড়েছে।
এ দিকে, গেল সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ। এ সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮১ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ১৬ দশমিক ৬০ পয়েন্ট। গেল সপ্তাহে ব্যাংক খাতের পিই রেশিও ছিল ৭ দশমিক ৬ পয়েন্টে। এ ছাড়া, সিমেন্ট খাতের পিই রেশিও ৩৩ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুত্ খাতে ১২ দশমিক ৬ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ২৮ দশমিক ৮ পয়েন্ট এবং বস্ত্র খাতের ১১ পয়েন্ট।