রাজধানীতে ৩ ছিনতাই, ডিবি পরিচয়ে ৩ লাখ টাকা লুট

 
 
 
 
রাজধানীতে শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাতির ঝিলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মনির হোসেন (২৭) নামের এক বিক্রয় কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তেজগাঁও থানার সামনে রিপন গাজী (২৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ ৪৫ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কামাল হোসেন (৩৫) নামের এক ঝুট ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪৬ হাজার ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীর হাতে আহত ব্যবসায়ীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে পথচারীরা।
ছিনতাইয়ের শিকার মনির হোসেন জানান—তিনি কুড়িল বিশ্বরোড এলাকার মেঘনা মোজাইক নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী। শনিবার বেলা ১টার দিকে গুলশান-১-এর ব্র্যাক ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে রিকশা করে কারওয়ানবাজারের ঢাকা সাংহাই সিরামিকে যাচ্ছিলেন। রিকশাটি কারওয়ান বাজার রেলগেটের কাছে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন যুবক তাকে মাইক্রোবাসে তুলে নেয়। গাড়ির মধ্যে হাতকড়া পরিয়ে মারধর করে। পরে টাকাগুলো নিয়ে হাতির ঝিলের ছাপড়া মসজিদের কাছে ফেলে রেখে যায়। দোকান মালিক রাসেলকে খবর দিলে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তবে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান—হাতির ঝিল এলাকার ছিনতাইয়ের কোনো অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।
কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী রিপন জানান—তিনি কারওরান বাজার এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। শুক্রবার রাত ২টার দিকে মিরপুরের মণিপুর বালুর মাঠের বাসা থেকে থেকে কাঁচামাল কেনার জন্য কারওয়ান বাজার যাচ্ছিলেন। তিনি গাড়ির জন্য রাতে মিরপুর-১০ নম্বরের বাসস্ট্যান্ডে এসে দাঁড়ান। এ সময় কারওয়ান বাজার ডাকতে ডাকতে চালকসহ ৩/৪ জনের একটি পিকআপভ্যান সামনে দাঁড়ালে তিনি তাতে ওঠেন। পিকআপে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তেজগাঁও থানার সামনে আসার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে ছিটকে পড়েন। চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার রাত ২টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল ভাঙা প্রেস এলাকায় ঝুট ব্যবসায়ী কামাল হোসেনের পেটে ছুরিকাঘাত করে ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।