আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে এম মনজুর আলমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলীয় জোট চট্টগ্রাম মহানগরীর নেতারা। গতকাল শনিবার ২০ দলীয় জোট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
জোটের চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমকে ২০ দলীয় জোটের পক্ষ থেকে সমর্থন দেয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের অংশ হিসাবে ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে।
মেয়র পদপ্রার্থী মনজুর আলম বলেন, ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের বিজয় নিশ্চিত। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় মেয়র নির্বাচনের জন্য কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াছ যে ফরম নিয়েছেন সেটি মনজুর আলমের সমর্থনে প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি শামশুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, বিজেপি আহ্বায়ক নুর মোহাম্মদ খান, খেলাফত মজলিশের সভাপতি খুরশিদ আলম, জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি আবু নাছের চৌধুরী, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ ২০ দলীয় জোট নেতৃবৃন্দ।