নতুন শিক্ষাবর্ষের তিনমাস অতিবাহিত হলেও পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান চলছে প্রথম অধ্যায়ে, বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে, ইসলাম ধর্ম প্রথম অধ্যায়ে এবং বাংলা পড়ানো হচ্ছে অষ্টম অধ্যায়ে। গণিত এবং পরিবেশ বিষয়ে এখনও পাঠদান শুরু হয়নি। এটি বড় খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে অবস্থিত স্কুলটি। গত দেড়মাস ধরে মাত্র একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে স্কুলটি। যে কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় তেমন অগ্রগতি নেই। বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ থাকলেও সহকারী শিক্ষক আব্দুল জব্বার জানুয়ারির ১৭ তারিখে অবসরে যান। প্রধান শিক্ষক আব্দুল বারী অবসরে যান ১৫ ফেব্রুয়ারি। অপর সহকারী শিক্ষক জয়নুল আবেদীন অবসরে যান মার্চের ৯ তারিখে। তখন থেকে একাই বিদ্যালয় পরিচালনা করছেন জুনিয়র শিক্ষক সেলিনা আখতার। তিনি জানান, শিশু শ্রেণীসহ স্কুলে মোট ক্লাস রয়েছে ৬টি। তিনজন শিক্ষক অবসরে যাওয়ায় এতগুলো ক্লাস তার একার পক্ষে নেয়া কঠিন হচ্ছে। সহকারী শিক্ষা অফিসার এসেছেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ স্কুল পরিদর্শনে এসেছেন; কিন্তু কোন সমাধান হয়নি।
ইউপি সদস্য সেহরাব হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, এব্যাপারে বহুবার জেলা প্রাথমিক শিক্ষা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা সত্ত্বেও তারা কোন ব্যবস্থা নেননি। সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী শূন্যপদে শিক্ষক বদলির নির্দেশ দিলেও তা মানা হয়নি। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৬ মার্চ একজন প্রধান শিক্ষক নিয়োগ (বদলি) দেয়া হয়েছে। বাকি পদে শিগগিরই নিয়োগ দেয়া হবে।