পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, একটি সংবাদপত্রের ভালো ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন সহযোগী শক্তি হিসেবে কাজ করে। ইত্তেফাকের মালিকরা কখনো ইউনিয়নকে দাবিয়ে রাখার চেষ্টা করে না। কারণ একটি ভালো ব্যবস্থাপনার জন্য ইউনিয়নের প্রয়োজন আছে। ইউনিয়ন করতে তফাজ্জল হোসেন মানিক মিয়া নিজে উত্সাহ দিতেন। গতকাল দৈনিক ইত্তেফাকের কাওরানবাজারস্থ কার্যালয়ে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি.) ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু নবনির্বাচিত কমিটিকে মোবারকবাদ জানিয়ে বলেন, আল্লাহতালা বলেছেন, আমি এমন কোন ভার চাপিয়ে দেব না, যা তুমি বহন করতে পারবে না। তাই কখনো হতাশ হবে না। তিনি বলেছেন, পরিশ্রম করলে তা বৃথা যাবে না। এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহতালার রহমত আছে। আল্লাহতালা সবসময় ধৈর্যশীলদের পাশে থাকেন।
দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক ও মুদ্রাকর মুহিবুল আহসান শাওন, ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, নগর সম্পাদক আবুল খায়ের, দৈনিক ইত্তেফাকের (এন.এন.পি.পি.) ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ইত্তেফাকের যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, বিশেষ সংবাদদাতা ফারাজী আজমল হোসেন, ডিইউজে ইত্তেফাক ইউনিট প্রধান খন্দকার গোলাম জিলানী, উপ-ইউনিট প্রধান মো. আল-মামুন, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সহ-সভাপতি আবুল হাশেম, মহাসচিব মো. কামালউদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান জলিল, মহাসচিব খায়রুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৈনিক ইত্তেফাক মসজিদের ঈমাম মাওলানা হাবীবুর রহমান। এরপর দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি.) ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান (এন.এন.পি.পি.) ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অশোক কুমার সিংহ। অনুষ্ঠানে অতিথিদের ও কমিটির নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. তাজাম্মেল হক ও বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিউল হক রুমি ও রফিকুল ইসলাম।