ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ। গত ১৮ মার্চ নির্বাচন কমিশন এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। এ পর্যন্ত যে সব মেয়র ও কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের নির্বাচনে অংশ নিতে হলে আজকের মধ্যে তা জমা দিতে হবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত সম্ভাব্য মেয়র প্রার্থীসহ ১০২ জনকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আর গতকাল শনিবার পর্যন্ত তিন সিটিতে মেয়র পদে ৭৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ১০ জন সম্ভাব্য মেয়র প্রার্থী। কাউন্সিলর পদে ২৫১০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটির রিটার্নিং কর্মকর্তারা। দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ‘সিটি নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হবে। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ হোক। নির্বাচনী আইন ও বিধি অনুসারে আমরা নির্বাচন পরিচালনা করব।’
ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে যে ১০২ জনকে শোকজ করা হয়েছে তারা সবাই ঢাকার দুই সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে উত্তরের ২৪ এবং দক্ষিণের ৭৮ জন রয়েছেন। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে আগাম প্রচারণামূলক ব্যানার, পোস্টার, বিলবোর্ড ব্যবহারে শাস্তি ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। এছাড়া এ অপরাধের জন্য সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতাও বাতিল করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণার পর এসব প্রচারণামূলক ব্যানার, পোস্টার, বিলবোর্ড সরিয়ে নিতে সংশ্লিষ্টদের ৪৮ ঘণ্টা সময় দেয়। কিন্তু গত ২০ মার্চ রাত ১২টায় ওই সময় শেষ হওয়ার পরও দুই সিটি এলাকাতেই সম্ভাব্য প্রার্থীদের পোস্টারের ছড়াছড়ি কমছে না।
গতকাল ঢাকা উত্তর করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোনায়েদ সাকী ও আমিরুল ইসলাম বুলু। এ নিয়ে গতকাল পর্যন্ত এ সিটিতে মেয়র পদে ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দক্ষিণে গতকাল কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এ সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা ৩০। সব মিলিয়ে গতকাল পর্যন্ত দুই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা ৫৮।
গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণের ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সংগ্রহ করেছেন ৮৭ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৭৭ জন। আর নারীদের জন্য সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ২০৮ জনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল করা হয়েছে ৯ জনের পক্ষে। মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য গতকাল পর্যন্ত ৮২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ এবং ৭৮ জন দাখিল করেন। আর নারীদের জন্য সংরক্ষিত ১২টি ওয়ার্ডের কাউন্সিলর পদে গতকাল পর্যন্ত মোট ১৬১ জনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ এবং ৭ জন জমা দেন।
চট্টগ্রামে মেয়র পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য গতকাল পর্যন্ত ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং দাখিল করেছেন ৩ জন। কাউন্সিলর পদে ৫৫৯ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৮ জন কাউন্সিলর ও ৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। গতকাল মেয়র পদের বিপরীতে ৩ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।