নতুন প্রতীকে সিটি নির্বাচন

নতুন প্রতীকে এবার সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাদ যাচ্ছে ভোটারদের কাছে পরিচিত সব প্রতীক। তিনটি পদে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে মেয়র পদে ১২টি, সাধারণ কাউন্সিলর পদে ১২টি এবং সংরক্ষিত কাউন্সিলরদের জন্য ১০টি প্রতীক আলাদা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো পর্যন্ত তিন সিটিতে যে পরিমাণ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন তাতে ‘সংরক্ষিত প্রতীক’ ছাড়িয়ে যাবে বলে মনে করছে কমিশন। এতে সিটি নির্বাচনে নতুন করে আরো অনেক প্রতীক সংযুক্ত করতে হবে। প্রার্থী বেশি হওয়ায় সংরক্ষিত প্রতীক তালিকা নিয়ে চিন্তিত ইসি।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, এতোদিন এক   প্রতীক ভিন্ন ভিন্ন নির্বাচনেও ব্যবহার হতো। কিন্তু এখন থেকে প্রতিটি নির্বাচনে বিশেষ প্রতীক ব্যবহার করা হবে। এজন্য প্রচলিত প্রতীকগুলো থেকে আলাদা আলাদা তালিকা প্রস্তুত করা হয়েছে। এর ফলে এক নির্বাচনের প্রতীক অন্য নির্বাচনে ব্যবহারের সুযোগ বন্ধ হবে। প্রার্থী বেশি হলে নতুন প্রতীক যুক্ত করা হবে।
১২টি প্রতীকের বিপরীতে এখনো পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে ২৮, দক্ষিণ সিটিতে ৩০ এবং চট্টগ্রাম সিটিতে ১৮ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। ১২টি সাধারণ কাউন্সিলর প্রতীকের বিপরীতে ৩৬টি পদে উত্তরে ৮২৩ জন, দক্ষিণে ৫৭টি পদে ১১২৮ জন এবং চট্টগ্রামে ৪১টি পদে ৫৫৯ জন এবং ১০টি সংরক্ষিত প্রতীকের বিপরীতে উত্তরে সংরক্ষিত কাউন্সিলরের ১২টি পদে ১৬১ জন, দক্ষিণে ১৯টি পদে ২০৮ জন ও চট্টগ্রামে ৯৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীতে আনারস, তালার মতো জনপ্রিয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না প্রার্থীরা। একইসঙ্গে টেলিভিশন ও হাঁসের মতো প্রতীক ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে পর্যায়ক্রমে অনুষ্ঠিত রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর ও সর্বশেষ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আনারস, তালা, হাঁস ও টেলিভিশন প্রতীক নিয়ে জয়লাভ করেছেন অধিকাংশ প্রার্থী। এছাড়াও ঘুরেফিরে সিটি করপোরেশনের নির্বাচনে এ চারটি প্রতীক পেতে প্রার্থীদের দেন দরবার করতেও দেখা গেছে।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। এর আগে এ নির্বাচনের জন্য ৬৮টি প্রতীক বরাদ্দ ছিল। সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আলাদা আলাদা প্রতীক সংরক্ষণের ধারাবাহিকতায় এসব প্রতীক সংরক্ষিত করা হয়েছে বলে জানিয়েছে ইসির আইন শাখা।
সিটি করপোরেশনের মেয়র পদের জন্য সংরক্ষিত ১২টি প্রতীক হলো-কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, টেবিল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ুর, হাতি ও ইলিশ মাছ।
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের জন্য সংরক্ষিত ১০টি প্রতীক হলো-কেটলি, গ্লাস, পান পাতা, পিঞ্জর, টিস্যু বক্স, বৈয়ম, মুলা, মোড়া, শিল পাটা ও স্টিল আলমারি।

সাধারণ কাউন্সিলর পদের জন্য সংরক্ষিত ১২টি প্রতীক হলো-কাঁটা চামচ, মিষ্টি কুমড়া, এয়ারকন্ডিশনার, করাত, ঘুড়ি, টিফিন ক্যারিয়ার, ট্রাক্টর, ঠেলাগাড়ি, ঝুড়ি, ব্যাডমিন্টন র্যাকেট, রেডিও এবং লাটিম।