মাইকেল ক্লার্ক আজ ২০১৫ বিশ্বকাপের ফাইনালটি খেলেই ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি টানবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অস্ট্রেলিয় অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারে সমাপ্তি টানলেও টেস্ট খেলা চালিয়ে যাওয়ার কথা জানান ক্লার্ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালটির প্রাক্কালে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতেই ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ক্লার্ক। তিনি বলেন,‘আগামীকাল (রবিবার) হবে অস্ট্রেলিয়ার হয়ে আমার শেষ ওয়ানডে ম্যাচ।”
ক্লার্ক হুট করে অবশ্য এই সিদ্ধান্ত নেননি। বিষয়টি সবার সামনে আনার আগে সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘আমি আমার সতীর্থ, জেমস সাদারল্যান্ড, রড মার্শ ও ড্যারেন লেহম্যানের সঙ্গে কথা বলেছি এবং তাদের জানিয়েছি, আগামীকালই অস্ট্রেলিয়ার হয়ে আমি শেষ ওয়ানডে খেলব।”
নিজের ক্যারিয়ারে আজকের আগ পর্যন্ত ২৪৪টি ওয়ানডে খেলা ক্লার্কের এটি তৃতীয় বিশ্বকাপ। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতিও আছে তার। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার পর রিকি পন্টিং অধিনায়কত্ব ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হন ক্লার্ক।
ওয়ানডেতে ৪৪.৪২ গড়ে আটটি শতক ও ৫৭টি অর্ধশতকসহ ৭ হাজার ৯০৭ রান করা ক্লার্ক অস্ট্রেলিয়াকে ৭৩টি ম্যাচে নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে ৪৯টি ওয়ানডে জেতে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ক্যারিয়ারে যা কিছু পেয়েছেন এর জন্য কৃতজ্ঞ ক্লার্ক। তিনি বলেন,‘আমি খুব কৃতজ্ঞ। এতগুলো ম্যাচে দেশের হয়ে খেলাটা সম্মানের। আমি প্রত্যেক খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞ।”