রাজনৈতিক অস্থিতিশীলতার আঁচ লেগেছে আয়কর আদায়ে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে আয়কর আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে ৮১৩ কোটি টাকা। আলোচ্য সময়ে ২৬ হাজার ২৭৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৫ হাজার ৪৬৫ কোটি টাকা। দেশব্যাপী বিরোধী দলগুলোর টানা অবরোধ আর হরতালে অর্থনৈতিক কর্মকাণ্ড গতি হারায়। এর ফলে অনেক খাত থেকেই কাািঙ্ক্ষত হারে আয়কর আদায় হয়নি। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি এনবিআর রাজস্ব কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পর্যালোচনাপত্র তৈরি করে। ওই পর্যালোচনাপত্রে আয়কর আদায়ের এ পরিসংখ্যান তুলে ধরা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ইত্তেফাককে বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড কমে গেছে। ভোক্তার চাহিদাও কমেছে। চলতি অর্থবছর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে ২৪ শতাংশের বেশি। এটি অর্জনের সম্ভাবনা ক্ষীণ। এ পরিস্থিতিতে গতবারের ন্যায় লক্ষ্যমাত্রা কমিয়ে আনার প্রয়োজন হতে পারে।