পাঁচবিবিতে টেম্পু- ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিহতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার নান্দাশ গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে বিপুল (৩৫) ও  সামছুলের ছেলে ডনি (২৫)।
আহতরা হলেন, ওই গ্রামের রইচ উদ্দিনের ছেলে হামিদুল (৪০), আব্দুস সামাদের ছেলে আমিনুল (৪০) ও নাসির উদ্দিনের জাইবর আলী (৩৫)।
পুলিশ ও স্থানীরা জানায়, গতকাল শনিবার রাত নয়টার দিকে জেলা সদরের নান্দাশ গ্রাম থেকে উঁচাই আসার পথে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের উঁচাই মহিলা মোড় নামক স্থানে টেম্পু ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টেম্পু চালক ডনির মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল নামের অপর এক যাত্রী মারা যান।
আধুনিক জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত তিনজনের মধ্যে হামিদুল ও জাইবরকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়ার রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে  (শজিমেক) পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মস্তোফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।