অধিনায়ক মাইকেল ক্লার্কের দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেছেন, অস্ট্রেলিয়া এবার রেকর্ড পঞ্চমবার বিশ্বকাপ জিতবে। এ ক্ষেত্রে তার দল সেরা ক্রিকেটই খেলবে বলে জানান তিনি। গতকাল অজি অধিনায়ক বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সেরাটা খেলতে পারলে, আমরা আগামীকাল (আজ) নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারবো।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় এবারের ফাইনালে বাজিকররাও অজিদের পেছনে বাজি ধরছেন। তারা অস্ট্রেলিয়ার পক্ষে বাজির দর দিয়েছে ৯-৪ ব্যবধানে। তবে দুর্দান্ত নৈপুণ্যে আছে নিউজিল্যান্ডও। অকল্যান্ডে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়সহ টানা আট খেলার সবক’টিতেই জয় নিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। যদিও সবগুলো ম্যাচই নিজেদের মাঠে খেলেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। তাই ফাইনালটাই হচ্ছে তাদের জন্য একমাত্র ম্যাচ যা নিজ দেশের বাইরে গিয়ে খেলতে হচ্ছে।
নৈপুণ্যের ধারাবাহিকতায় থাকা দলটিকে হারাতে হলে সেরা ক্রিকেটই খেলতে হবে বলে মনে করেন ক্লার্ক। তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমরা সেরাটা খেলতে পারলে নিউজিল্যান্ডকে হারাতে পারব। এ ক্ষেত্রে ফেভারিট কী, ফেভারিট না এই বিতর্কে যেতে চাই না আমরা।’ প্রতিপক্ষ নিউজিল্যান্ডের দুর্দান্ত নৈপুণ্য স্বীকার কলে ক্লার্ক আরো বলেন, ‘এই টুর্নামেন্টে দারুণ খেলছে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টেই তারা আমাদের একবার হারিয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে তাদের হারাতে পারব।’ আজকের ফাইনাল নিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছেন ক্লার্ক। গতকাল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে সবাইকে হতভম্ব করে দেন অসি অধিনায়ক। ক্যারিয়ারের ২৪৫তম ওয়ারডে ম্যাচটিকে দেশের হয়ে শেষ ওডিআই ম্যাচ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা বিশেষ একটি ম্যাচ। এতে কোন সন্দেহ নেই। তবে দলের প্রয়োজনই আসল। আমি আমার সতীর্থদের শুধু এটিই বলেছি। আর মাত্র একটি ম্যাচ খেলব আমি। তবে এখানে আবেগের কিছু নেই। আমাদেরকে দক্ষতা দেখাতে হবে, যা দলের বড় ম্যাচ ও বড় টুর্নামেন্ট জয়ে ভূমিকা রাখবে।’
ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা মানে দারুণ কিছু বলে উল্লেখ করেন ক্লার্ক। এ ব্যাপারে তিনি বলেন, ‘দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই এমসিজিতে ফাইনাল খেলতে যাওয়া মানে দারুণ একটি সুযোগ। এটা বিশেষ একটি টুর্নামেন্ট। তবে যেহেতু এটা আমার শেষ ম্যাচ হওয়ায় তাই এটি আমার জন্য বিশেষ নয়।’
সতীর্থদের কাছে ক্লার্কের প্রত্যাশা তারা যেন ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে স্বাধীনভাবে খেলে যাবেন। এ ব্যাপারে অজি অধিনায়ক বলেন, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে, আগের দু’টি বিশ্বকাপও খেলার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে একটিতে শিরোপাও জয় করেছি। তাই আমি জানি এই অর্জনের অনুভূতি কেমন।’
২০০৭ সালের বিশ্বকাপের স্মৃতিচারণ করে ক্লার্ক বলেন, ‘আমি যখন ২০০৭ সালের বিশ্বকাপে ফিরে গেলে দেখা যায়, ফাইনাল নিয়ে আমরা অনেক চাপে ছিলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ট্রফি নিয়ে উল্লাস করতে পেরেছি, ততক্ষণ আবেগ-অনুভূতি আমাকে আঘাত করতে পারেনি।’—এএফপি