শিলিগুড়িতে ৮৭ কেজি স্বর্ণ উদ্ধার

 
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছের একটি এলাকা থেকে ৮৭ কেজি সোনা উদ্ধার করেছে ভারতের শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ২৫ কোটি রুপি। এটাই ভারতে এ যাবত্কালের সবচেয়ে বড় সোনার চালান ধরার ঘটনা। রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে মণিপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকিয়ে এসব স্বর্ণ কলকাতা নেয়ার পথে ধরা পড়ে।
এ ঘটনায় গ্রেফতার দুইজনকে শনিবার শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়।
প্রতিবেদনে বলা হয়, শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা শুক্রবার শিলিগুড়ির কাছে একটি গাড়ি আটকে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু পাওয়া না গেলেও পরে ইঞ্জিনের ঢাকনার নিচে স্বর্ণের প্যাকেটগুলো পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কলকাতার এক বাসিন্দার কাছে তাদের স্বর্ন পৌঁছে দেয়ার কথা ছিল।