ডুয়েসেলডর্ফের একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আল্পসে বিধ্বস্ত বিমানের কো-পাইলট তাদের রোগী ছিলেন। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টি নিশ্চিত করেছে কো-পাইলট আন্দ্রিয়াস লুবিজ গত ফেব্রুয়ারিতে প্রথম হাসপাতালে আসেন। শেষবারের মতো গত ১০ মার্চ তিনি ডুয়েসেলডর্ফ হাসপাতালে এসেছিলেন। সেখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছিলো। তবে লুবিজ বিষণ্নতায় ভুগছিলেন এবং সে কারণে চিকিত্সা নিয়েছেন এমন সংবাদ সঠিক নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
কো-পাইলটের বাসায় অসুস্থতার কারণে ছুটির একটি কাগজ পেয়েছে তদন্তকারীরা। কাগজটিতে বিমান বিধ্বস্ত হওয়ার দিনেও ছুটির কথা উল্লেখ ছিলো।
জার্মান উইংস বিমান কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার দিন পর্যন্ত ছুটির দরখাস্ত দাখিল করা হয়নি। গত বৃহস্পতিবার লুফথানসা বিমান কোম্পানির প্রধান নির্বাহী স্বীকার করেছেন লুফথানসা ও জার্মান উইংসের পাইলটদের মানসিক সুস্থতার পরীক্ষা নিয়মিত হতো না।
মঙ্গলবারের ঐ বিমান দুর্ঘটনায় কো-পাইলট লুবিজসহ মোট ১৫০ জন নিহত হন। বিমানটির ব্ল্যাক বক্সের তথ্য থেকে ধারণা করা হচ্ছে বিমানের পাইলটকে ককপিটের বাইরে রেখে ঠাণ্ডা মাথায় প্রায় আট মিনিট ধরে লুবিজ বিমানটিকে নিচে নামতে দেন এবং পর্বতমালার সাথে ধাক্কা লাগিয়ে বিধ্বস্ত করেন।