গিনির প্রেসিডেন্ট আলফা কোন্ডে মহামারি ইবোলার বিস্তার ঠেকাতে দেশের পাঁচটি অঞ্চলে ৪৫ দিনের জন্য ‘জরুরি স্বাস্থ্য সতর্কতা’ জারি করেছেন।
জাতীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, ইবোলার ভাইরাস এখন দেশের উপকূলীয় এলাকাগুলোতে ছড়াচ্ছে। এ কারণে আমি ৪৫ দিনের জন্য ফোরেকারিয়া, কোয়া, দুব্রেকা, বোফা ও কিন্দিয়া প্রদেশে জরুরী স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করছি।’
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ইবোলা উপদ্রæত এলাকাগুলো দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
প্রেসিডেন্ট বলেন, রাজধানী কোনাক্রিতে লোকজনের ওপর নজরদারি বাড়াতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
২০১৩ সালের ডিসেম্বরে গিনিতে ইবোলার বিস্তার শুরু হওয়ার পর এ পর্যন্ত নয়টি দেশে ২৪ হাজারেরও বেশি লোক এ রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১০ সহ¯্রাধিকের প্রাণহানি হয়েছে। ইবোলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে লাইবেরিয়া, সিয়েরালিওন ও গিনিতে।
কোন্ডে শনিবার বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে-যেসব হাসপাতাল ও ক্লিনিকে ইবোলা রোগী ছিল সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা।
তিনি সতর্কবাণী করেন, ‘যারা এ রোগের কথা গোপন করবেন কিংবা এ রোগে মৃত ব্যক্তির লাশ একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাবেন তাদের অন্যের জীবন হুমকির মুখে ফেলার দায়ে প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে।’
তিনি ইবোলার বিরুদ্ধে যুদ্ধে ‘দৃঢ় অঙ্গীকার’ অব্যাহত রাখার আহবান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) গত জানুয়ারিতে ঘোষণা দিয়েছিল, অবশেষে পশ্চিম আফ্রিকায় ইবোলা হ্রাস পাচ্ছে। সবচেয়ে ভয়াবহ আকারে ইবোলা ছড়িয়ে পড়া তিনটি দেশে এ রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে হ্রাস পাওয়ার পর হু এ কথা জানায়। তবে ওইসব দেশে নতুন করে ইবোলার বিস্তারে ফের শংকা দেখা দিয়েছে।
-বাসস।