হরতালে ফিরল বিএনপি, ঢাকা-চট্টগ্রাম মহানগর আওতামুক্ত

 
চলমান অবরোধের পাশাপাশি আবারো হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার সকাল ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত এই হরতাল চলবে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতাল কর্মসুচির আওতামুক্ত থাকবে। রবিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতা-কর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ২০ দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
২০ দলীয় জোটের ডাকা সর্বশেষ দফা হরতাল গত বুধবার সকাল ছয়টায় শেষ হয়।