নৈতিক স্খলন, স্বেচ্ছাচারিতা, নিয়োগে অনিয়ম, দুর্নীতি ছাছাও নানা অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্বদ্যািলয়ের (বাকৃবি) উপাচার্য ড. মো. রফিকুল হকের দাবিতে ১১ দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। আন্দোলনের অংশ হিসেবে রবিবার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার ও প্রক্টর অধ্যাপক ড. মো. হারুণ-অর-রশিদসহ আরো চার শিক্ষক।
জানা গেছে—রবিবার সকাল ১০টার দিকে ছাত্র-বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর স্বাক্ষরিত পদত্যাগপত্র আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদকের কাছে জমা দেন। পরে ফোরামের সাধারণ সম্পাদক ছাত্র-বিষয়ক উপদেষ্টা ও প্রক্টরের পদত্যাগপত্রসহ মোট ছয়টি পদত্যাগপত্র রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন।
এ বিষয়ে শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, ‘উপাচার্যের অপসারণের দাবিতে আমাদের আন্দোলনের অংশ হিসেবে ছাত্র-বিষয়ক উপদেষ্টা এবং প্রক্টরসহ আজকে আরো চারজন শিক্ষক তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। আজকে পর্যন্ত ফোরামের মোট ৫৯ জন শিক্ষক তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছে।’ তিনি জানান—বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অবহিত করতে আগামী মঙ্গলবার তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন।
এ বিষয়ে উপাচার্য ড. মো. রফিকুল হককে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ থেকে উপচার্যের অপসারণের দাবিতে মানববন্ধন করে আন্দোলন শুরু করে শিক্ষক ফোরাম এবং ২২ তারিখে সংবাদ সম্মেলন করে উপাচার্যের অধীনে কোনো কাজ না করার সিদ্ধান্ত নেয়া হয়।