বেনাপোলের দুর্গাপুর এলাকা থেকে রবিবার দুপুরে ৫৩টি ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে পাচার হয়ে আসা এসব বিরল প্রজাতির কচ্ছপগুলো বেনাপোলের দুর্গাপুর এলাকা থেকে ঢাকায় নেয়া হচ্ছিল।
২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে পাচার করে বিরল প্রজাতির বিপুল সংখ্যক কচ্ছপ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৩টি কচ্ছপ উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধারকৃত কচ্ছপের মূল্য ১০ লাখ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধার করা কচ্ছপগুলো বন্যপ্রাণী সম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।