ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না : ডেপুটি স্পিকার

 
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ইসলামের নামে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করতে হবে। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখোনো সমর্থন করে না।
 
তিনি বলেন, সকল প্রকার সন্ত্রাস বন্ধে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্ত্রাস বন্ধে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তান আফগানিস্তান ও সিরিয়াসহ বিভিন্ন দেশে ইসলামের নামে উগ্রপন্থি সন্ত্রাসীরা নারী ও শিশুদের ওপর যে নারকীয় হামলা চালাচ্ছে সেটা নিন্দনীয় অপরাধ। এসকল সন্ত্রাস বন্ধে সকল ইসলামী রাষ্ট্রসমূহকে এগিয়ে আসতে হবে এবং এ ধরনের সন্ত্রাসের বিপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে।
 
শনিবার ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩২তম এ্যাসেম্বলিতে পার্লামেন্টারি ইউনিয়ন অব ওআইসি কান্ট্রি (পিইউআইসি) এর সাথে বৈঠককালে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের প্রধান ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এসব কথা বলেন।
 
এরপর আইপিইউ সম্মেলনের এশিয়া প্যসিফিক গ্রুপ বৈঠক এ আইপিইউ এর বিভিন্ন কমিটির শূণ্যপদে প্রার্থী নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আইপিইউ এর কো-অর্ডিনেটিং কমিটি অব উইমেন পার্লামেন্টারিয়ান্স এর শূন্য পদে সংসদ সদস্য বেগম ওয়াসেকা আয়েশা খান এবং স্ট্যান্ডিং কমিটি অন পিচ এ্যান্ড সিকিউরিটির জন্য আবুল কালাম আজাদকে মনোনয়ন দেয়া হয়।
 
বৈঠকে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য নবী নেওয়াজ, এ বি এম ফজলে করিম চৌধুরী, নুরুল ইসলাম মিলন, আবুল কালাম আজাদ, ইউসুফ আবদুল্লাহ হারুন এবং রাজী মোঃ ফখরুল অংশগ্রহণ করেন।