নরসিংদীতে দুই মাছ ব্যবসায়ীর বিরোধের এক পর্যায়ে একজনের বটির আঘাতে আরেক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার দুপুরে শহরের মাছ বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত মাছ ব্যবসায়ী অনিল চন্দ্র বর্মন (৩৭) শহরের বীরপুর এলাকার মৃত রাজেন্দ্র বর্মণের ছেলে। হামলাকারী অজিত চন্দ্র দাস ঘটনার পর পালিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী বাজারের মধ্যে দুই মাছ ব্যবসায়ী অজিত চন্দ্র দাস ও অনিল চন্দ্র বর্মন এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাছ ব্যবসায়ী অজিত চন্দ্র দাস তার হাতে থাকা মাছকাটার বটি দিয়ে অনিল বর্মণকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। এতে আহত অনিল চন্দ্র বর্মণ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নরসিংদী সদর মডেল থানার এসআই মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।