ক্লার্কের স্বপ্নীল অবসর

 
 অধিনায়ক মাইকেল ক্লার্কের জন্য ওয়ানডে ক্রিকেট থেকে অবসরটা এর চাইতে আর ভালো কিছু হতে পারত না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৭৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি পড়শিদের বিরুদ্ধে সাত উইকেটের জয়ে।
 
এরপরই বিশ্বকাপটি উত্সর্গ করেন অকাল প্রয়াত ‘ছোট ভাই ও দলসঙ্গী’ ফিলিপ হিউজকে। নিজের বিদায়ের ক্ষণেই দেখতে পান ওয়ানডে ক্রিকেটে আবার অস্ট্রেলিয় রাজত্বের মুকুট।
 
সঙ্গত কারণে বলেন,‘আমরা যেন চাঁদের উপর দিয়ে হাঁটছি। তবে সবার আগে ব্রেন্ডন এবং তার নিউজিল্যান্ড দলকে এবারের আসরে দারুণ ক্রিকেট খেলার জন্য কৃতিত্ব দেব।’ যদিও কালকের এ খেলায় টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ব্যাটিং নেয়ার পর ওপেনার হিসেবে শুরুতেই মিশেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান। এই আউটটিই ছিল খেলার মোড় পরিবর্তনকারী। কেননা এরপর নিউজিল্যান্ড দল চতুর্থ উইকেটে রস টেলর ও গ্র্যান্ড এলিয়টের ১১১ রানের পার্টনারশিপ ছাড়া আর কখনোই লড়াইয়ে ছিল না। ক্লার্ক এ প্রসঙ্গে বলেন,‘এটা দারুন টুর্নামেন্ট। বিশেষ করে ৯৩ হাজার দর্শকের সামনে খেলা। নিউজিল্যান্ড পুরো টুর্নামেন্ট জুড়ে দারুন ক্রিকেট খেলেছে। তবে আজ আমরা তাদের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ হিসেবে আবির্ভুত হই।’  
 
ক্লার্ক এবারের বিশ্বকাপে প্রতিটি খেলাতেই কালো আর্মব্যান্ড লাগিয়ে খেলেছেন ফিলিপ হিউজের স্মরণে। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যান হিউজ। খেলা শেষে তিনি বলেন,‘আমি নিশ্চিত আমি নিজের জন্য বলবো না। আমি নিশ্চিত আজ রাতে এই মঞ্চে সমবেত সবাই বলবে যে এই বিশ্বকাপে আমরা ১৬ জন ছিলাম। আজ রাতে নিশ্চিতভাবেই আমরা এটি আমাদের ছোট ভাই ও দলসঙ্গী ফিলিপ হিউজকে উত্সর্গ করবো।’
 
বিশ্বকাপ জয়ের সুফল জানাতে গিয়ে ক্লার্ক বলেন,‘অস্ট্রেলিয় সমর্থকদের পাশাপাশি খেলাটির সকল সমর্থকের জন্যও এ টুর্নামেন্টটা দারুন এক ব্যাপার হিবেসে আবির্ভুত হয়। যেসব দর্শক খেলা দেখতে এসেছেন, টেলিভিশনে খেলা দেখেছেন, টুর্নামেন্ট জুড়ে আমাদের সমর্থন দিয়েছেন, তাদের মধ্যে অস্ট্রেলিয়ান এবং অন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
 
অবসরের পর নিজের ২৩ নম্বর জার্সিটি কি করবেন জানতে চাইলে ক্লার্ক বলেন,‘আমি হয়তো এটা ওয়ার্নিকে (ওয়ার্ন) দিয়ে দেব। সত্যি বলতে কি আমি এটা নিয়ে এখনো ভাবিনি। টেস্ট,  ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের দেশকে প্রতিণিধিত্ব করতে পারা এক বিরাট সম্মান ও সুবিধার ব্যাপার। ওয়ানডে ক্রিকেট ছেড়ে যাওয়ার এটাই সঠিক সময়। তবে আমি টেস্ট খেলা চালিয়ে যাব। আমি ২৩ নম্বর জার্সির ব্যাপারে ভেবে দেখবো। কেননা আমি এটা পেয়েছিলাম শেন ওয়ার্নের কাছ থেকে।’
 
ধারণা করা হচ্ছে ওয়ানডে থেকে ক্লার্কের প্রস্থানের পর স্টিভেন স্মিথই তার স্থলাভিষিক্ত হবেন। বিদায়ী অধিনায়ক প্রসঙ্গে অস্ট্রেলিয়ার জয়ে অপরাজিত ৫৬ রান করা স্মিথ  বলেন,‘আমি মনে করি পাপ (ক্লার্ক) এর জন্য এটা যথার্থ এক বিদায়। অনেক দিন ধরেই তিনি ছিলেন ওয়ানডেতে দারুণ এক খেলোয়াড়। আমি চেয়েছিলাম তিনি সেখানে শেষ পর্যন্ত থাকেন। আমি বলছিলাম, পাপ, আমার সাথে থাকো, আমার সাথে থাকো।’