‘বিএনপি-জামায়াত জোটের পেট্রোল বোমা নিক্ষেপ ও জ্বালাও-পোড়াওসহ সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সব টেলিভিশন চ্যানেল ও বেতার কেন্দ্রকে মন্ত্রণালয়ের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ইলেকট্রনিক গণমাধ্যমসমূহের প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা স্বপ্রণোদিত হয়ে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াওর নিন্দা জানান এবং এ বিষয়ে প্রচার-প্রচারণার বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন।’ রবিবর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মনোয়ার বেগমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে তার পক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ‘বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে সারা দেশে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করে মানুষের জানমালের যে ক্ষতি করেছে, সে সম্পর্কে মানুষকে সচেতন করতে বাংলাদেশ টেলিভিশন সংবাদে ধ্বংসযজ্ঞের ওপর প্রমাণ্যচিত্র প্রচার ছাড়াও নিয়মিতভাবে ডকুমেন্টারি অনুষ্ঠান ও ফিলার প্রচার করছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বেতার হতে প্রতি ঘণ্টায় সংবাদ বুলেটিন প্রচার করা হয়ে থাকে। এ সব বুলেটিনে বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে সারা দেশে মানুষের জানমালের যে ক্ষতি করেছে, তার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে তথ্য প্রদান করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ স্বাধীনভাবে কাজ করে থাকে। তবে তাদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। বিভিন্ন সময় সরকারি উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের বিষয়ে তাদের সহায়তা চাওয়া হয়ে থাকে। অনেক বেসরকারি চ্যানেল স্ব-উদ্যোগে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করে থাকে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে কোনো সাংবাদিক অনৈতিক কাজ করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।’