পেট্রোল বোমা নিক্ষেপসহ সন্ত্রাসের বিরুদ্ধে টিভি চ্যানেল প্রচারণা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াত জোটের পেট্রোল বোমা নিক্ষেপ ও জ্বালাও-পোড়াওসহ সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সব টেলিভিশন চ্যানেল ও বেতার কেন্দ্রসমূহকে মন্ত্রণালয়ের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ইলেকট্রনিক গণমাধ্যমসমূহের প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা স্বপ্রণোদিত হয়ে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াওয়ের নিন্দা জানান এবং এ বিষয়ে প্রচার-প্রচারণার বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন।

গতকাল রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মনোয়ার বেগমের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে তার পক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে সারাদেশে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করে মানুষের জানমালের যে ক্ষতি করেছে সে সম্পর্কে মানুষকে সচেতন করতে বাংলাদেশ টেলিভিশনের সংবাদে ধ্বংসযজ্ঞের ওপর প্রমাণ্যচিত্র প্রচার ছাড়াও নিয়মিতভাবে ডকুমেন্টারি অনুষ্ঠান ও ফিলার প্রচার করছে।
মন্ত্রী জানান, বাংলাদেশ বেতার হতে প্রতি ঘন্টায় সংবাদ বুলেটিন প্রচার করা হয়ে থাকে। এসব বুলেটিনে বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে সারাদেশে মানুষের জানমালের যে ক্ষতি করেছে তার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে তথ্য প্রদান করা হচ্ছে।
আসাদুজ্জামান নূর জানান, বাংলা চলচ্চিত্রের মান উন্নয়ন ও মানসম্পন্ন করতে সরকার চলচ্চিত্র নির্মাতাগণকে প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বোচ্চ ৩৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে। অনুদানের আর্থিক পরিমাণ বৃদ্ধির জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি জানান, চলচ্চিত্রের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসেবে ঘোষণার পাশাপাশি চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও হল মালিকগণ আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন।