ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১

ব্রাজিলের পূর্বাঞ্চলে রবিবার পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারীদের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
গণমাধ্যমের খবরে বলা হয়, এই দুষ্কৃতিকারীরা ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য রিয়ো গ্রান্ডে ডো নর্টের কারেইস নোভোস শহরে ব্যাংক ডাকাতদের একটি দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে রিয়োর ম্যাঙ্গুয়েইরা বস্তিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চোর মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর এএফপি’র। 
জি১ নিউজে বলা হয়েছে, ভোর বেলা দুষ্কৃতিকারী এই চক্র পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে সাত মাদক ব্যবসায়ী নিহত হন। 
এ ঘটনায় অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে ট্যাক্সি চালক বলে দাবি করে জানান, অপরাধী দলটি তাকে অপহরণ করে।
পুলিশ তাদের গাড়ি থেকে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তারা এই অভিযানে বিপুল সংখ্যক বন্দুক, গ্রেনেড ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।