স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন মনুকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক সোমবার এই রায় ঘোষণা করেন।
ফাঁসির আদেশ পাওয়া সাতজন হলেন- মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত, মো. মিন্টু, মো. মাসুদুর রহমান তোতা ওরফে তোতলা মাসুদ, লিটন হোসেন লোটাস ওরফে নূরুজ্জামান, মো. নোবান ইবনে বাশার ওরফে বাবু, মাসুদুর রহমান সোহেল এবং মো. হাসান সারওয়ার জিকু।
রায় ঘোষণার সময় সোহেল ও জিকু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিন পাওয়ার পর থেকে পলাতক বলে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি তাছলিমা ইয়াসমিন দিপা জানান।
এছাড়া জাহানারা নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। জাহানারও পলাতক।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৬ সালের ১৫ অগাস্ট মিরপুরে খুন হন ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা মনির উদ্দিন মনু। তাকে পরপর আটটি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।