নারীর ক্ষমতায়ন ও সমতা নিয়ে প্রচারণার উদ্যোগ নিয়েছে ‘ভোগ এম্পাওয়ার’। এর অংশ হিসেবে ভারতের ভিন্ন ভিন্ন ক্ষেত্রের ৯৯ জন নারীকে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে ‘ককটেল’ ও ‘ফাইন্ডিং ফানি’র পরিচালক হোমি আদজানিয়া। সেখানে নিজের সাহসী বক্তব্য জানিয়েছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন।
সাদাকালোতে নির্মিত ভিডিওটিতে দীপিকা নারীর প্রতি পুরুষের ‘সংকীর্ণ’ দৃষ্টিকোণের পরিবর্তন এবং নারীর পোশাক, পেশা ও জীবনধারণ পদ্ধতি সম্পর্কে পুরুষের বিচার করা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
চলচ্চিত্রটিতে দীপিকা তার সাহসী বক্তব্যে বলেছেন, ‘আমি কিভাবে আমার জীবন-যাপণ করব, কি পোশাক পরব, আমার দেহ কি রকম থাকবে, আমি কবে বিয়ে করব কি করব না অথবা আমি লেসবিয়ান হব কিনা তা আমার পছন্দ।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দীপিকার পাশাপাশি আরও যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে আছেন বলিউডের অভিনেতা-নির্মাতা ফারহান আখতারের স্ত্রী হেয়াস্টাইলিস্ট অধুনা আখতার, ফারহানের বোন চলচ্চিত্র নির্মাতা জয়া আখতার, নির্মাতা হোমি আদজানিয়ার স্ত্রী ভোগ ইন্ডিয়ার ফ্যাশন ডিরেক্টর অনিতা শ্রফ প্রমুখ।
‘মাই চয়েস’ প্রযোজনা করেছেন বলিউডের চলচ্চিত্র প্রযোজক দীনেশ বিজন। সংলাপ লিখেছেন ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবির চিত্রনাট্যকার কার্সি খামবাত্তা। সূত্র: এনডিটিভি।