চীনের মুসলিম শিনজিয়ান অঞ্চলের এক ব্যক্তিকে ‘সমস্যা সৃষ্টি’ ও দাড়ি রাখার দায়ে ছয় বছর কারাদণ্ড দিয়েছে দেশটির স্থানীয় এক আদালত। রবিবার দেশটির একটি পত্রিকার বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
চায়না ইয়ুথ ডেইলির বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মরুভূমির মরূদ্যান শহর কশগরের একটি আদালত ঐ দণ্ডাদেশ দেন। আদালত ৩৮ বছর বয়স্ক উইঘুর সম্প্রদায়ের ঐ ব্যক্তিকে ছয় বছর ও তাঁর স্ত্রীকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।
পত্রিকার খবরে বলা হয়েছে, ২০১০ সাল থেকে ঐ ব্যক্তি দাড়ি রেখে আসছেন এবং তার স্ত্রী বোরকা ও নেকাবে মুখ ঢেকে রাখতেন। আদালত ঐ দম্পতিকে ‘সমস্যা সৃষ্টি ও ঝগড়ার’ মতো অস্পষ্ট অপরাধে তাদের শাস্তি দিয়েছেন।
এক বছরেরও বেশি সময় ধরে পুরষদের দাড়ি রাখতে নিরুত্সাহিত করে আসছে শিনজিয়ান কর্তৃপক্ষ। এছাড়া ‘প্রজেক্ট বিউটি’ নামের আরেকটি অভিযানের মাধ্যমে মুসলিম নারীদের বোরকা ও নেকাব ত্যাগ করতে উত্সাহ দিয়ে আসছে।