বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের সময় বাড়ল

বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের সময় বাড়লো আরও আট সপ্তাহ। কমিশনের সুপারিশ বাস্তবায়নে এর আগেও এক দফা সময় বাড়ানো হয়েছিল।   মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। নতুন করে সময় বাড়ানোর কারণে কমিটিকে আগামী ১৩ মের মধ্যে বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে রিপোর্ট দিতে হবে।
 
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এই কমিটিকে প্রতিবেদন দাখিলের সময় চার সপ্তাহের সময় বাড়িয়ে দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটিকে ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।
 
গত ৩১ ডিসেম্বর এ কমিটি গঠন করা হয়। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় দুই দফা বাড়ান হল।
 
গত ২১ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন তুলে দেন ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩’-এর চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।
 
বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। অর্থবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে। কমিটি ‘সশস্ত্রবাহিনী বেতন কমিটি, ২০১৩’-এর প্রতিবেদনও পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
 
সরকারি ১৩ লাখ কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তুত করা বেতন কমিশন প্রতিবেদনে সর্বনিম্ন ধাপের মূল বেতন ৮ হাজার ২০০ টাকা আর সর্বোচ্চ ধাপে (১ নম্বর) ৮০ হাজার টাকা সুপারিশ করেছে। প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোতে বর্তমানের ২০টির জায়গায় ১৬টি গ্রেড রাখা হয়েছে।