আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু সোমবার বিকেলে ২০ দলীয় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আশা প্রকাশ করেছেন।
বরকত উল্লাহ বলেন, ২০ দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে তিন সিটি নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সরকার সচেষ্ট হবে।
বিএনপির মুখপাত্র বিবৃতিতে বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন উদ্যোগ না নিলে জাতির নিকট আবারো প্রমাণ হয়ে যাবে বর্তমান কমিশন দন্তহীন বাঘ ছাড়া আর কিছুই নয়। ঢাকার দুই সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে সরকার দস্যুবৃত্তি অবলম্বন করলে এবং এ ব্যাপারে নির্বাচন কমিশন সহযোগিতা করলে জাতি কখনোই বর্তমান শাসকগোষ্ঠী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না।