ইয়েমেনে বৈধ সরকারকে ফিরিয়ে আনতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সৌদি আরব নেতৃত্বাধীন অভিযানে সমর্থন রয়েছে বাংলাদেশের। একইসঙ্গে ইয়েমেনের সার্বভৌমত্ব ও সীমানার অখণ্ডতা রক্ষা এবং দেশটির জনগণের প্রত্যাশা অনুযায়ী বৈধ রাষ্ট্রীয় ব্যবস্থায়ও বাংলাদেশের সমর্থন রয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট আব্দো রাব্বো মানসুর হাদির নেতৃত্বাধীন ইয়েমেনের বৈধ সরকারের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের চালানো কর্মকান্ডের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।
একইসঙ্গে সহিংসতা সৃষ্টির মাধ্যমে দেশটিতে মানবিক সংকট তৈরির ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, গালফ কো-অপারেশন কাউন্সিল ফ্রেমওয়ার্ক ও জাতীয় সংলাপের মাধ্যমে আসা সিদ্ধান্তের ভিত্তিতে ইয়েমেনের রাজনৈতিক দলগুলোকে তাদের অঙ্গীকার অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড শুরুরও তাগিদ দিয়েছে বাংলাদেশ।