জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিরপরাধ ছাত্র এহসান হাবীব সুমনের গ্রেফতার ও মিথ্যা মামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এ ঘটনায় প্রশাসনের খামখেয়ালিকে দায়ী করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় তারা।
ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য ও সাধারণ সম্পাদক এমএন জুনায়েদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের জেরে ক্যাম্পাসে সশস্ত্র মহড়ার ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ক্যাম্পাসে গণগ্রেফতার চালায় পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে নিজের মোটরবাইক রাখতে আসা নিরপরাধ ছাত্র এহসান হাবীব সুমনকে পুলিশ তুলে নিয়ে যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ১১তম ব্যাচের ছাত্র সুমন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। টিউশনি ও বিভিন্ন কোচিং সেন্টারে পড়িয়ে নিজের ও পরিবারের খরচ বহন করতেন তিনি। পিতৃহীন সুমন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। সুমনের বিধবা মা ও প্রতিবন্ধী বোন সুমনের টিউশনির টাকার ওপর নির্ভরশীল।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭০ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক
নেতৃবৃন্দ বলেন, সুমনের মতো নিরপরাধ শিক্ষার্থীদের এমন হয়রানি বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালী ও প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করার চেষ্টা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিরপরাধ শিক্ষার্থী সুমনের মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ছাত্র ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
ইত্তেফাক/নূহু