পুঁজিবাজারে সূচক লেনদেন কমেছে

টানা তিন কর্মদিবস পুঁজিবাজারের সূচক বাড়ার পর সোমবার কিছুটা দর সংশোধন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য, শরীয়াহ সূচক ও ডিএস-৩০ সূচক কমেছে ১ শতাংশেরও বেশি হারে। একইসঙ্গে কমেছে বাজারের লেনদেনের পরািমাণ। বাজারে দরপতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ইঞ্জিনিয়ারিং খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে প্রায় ২ শতাংশের মতো।
 
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৭১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৯৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি ৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১২৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৪১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
 
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আফতাব অটোমোবাইলসের ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং তারিখে সমাপ্ত অর্থবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা এবং আয় আগের বছর একই সময়ের তুলনায় কমেছে।
 
অর্ধবার্ষিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১১ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৪ কোটি ১১ লাখ টাকা।
 
সবর্শেষ প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৮১ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ৬ কোটি ৭৪ লাখ টাকা।
 
ডিএসই সূত্রে আরও জানা গেছে, তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।