এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার

 
 
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন।
 
এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
সম্মেলনে মন্ত্রী বলেন, যে কোন পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা গ্রহণের সবরকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার ২৬-২৮ এপ্রিলের পরীক্ষা বাদে বাকি সব পরীক্ষা রুটিনমাফিক অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যাত্যয় হবে না।
 
 
পরীক্ষার তথ্য: এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
 
তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। এবার ৮ হাজার ৩০৫টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৪১৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। দেশের বাইরে ৭টি কেন্দ্রে ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।