বিএনপি একটি বিবৃতিনির্ভর দল :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার ডাকা হরতাল-অবরোধে কেউই সাড়া দেয় না। ব্যর্থতার গ্লানি নিয়ে উনি তাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এ কারণে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে একদিকে অংশগ্রহণ করছেন, অন্যদিকে অবরোধ অব্যাহত রেখেছেন। নির্বাচনে আসবেন, নাকি আন্দোলন করবেন এটা নিয়ে উনি দোটানায় পড়েছেন। বিএনপি আসলে একটি বিবৃতি নির্ভর দল। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে ‘উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড’ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। রাজনীতিতে নারী-পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য বাংলাদেশ এ পুরস্কার পেয়েছে। গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ডব্লিউআইপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এ পুরস্কার গ্রহণ করেন।
সিম-রিমে সারচার্জ
এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মোবাইল সিম ও রিম কার্ড ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের বিধান রেখে ‘উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) আইন-২০১৫’র খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশররাফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকার বছরে প্রায় ১৪০ কোটি টাকা আয় করবে। এই আয় শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে যে বিল নিচ্ছে তার সঙ্গে এই ১ শতাংশ সারচার্জ যোগ হবে। এই সারচার্জ ফোন কোম্পানির মাধ্যমে সরকারি কোষাগারে যাবে। প্রসঙ্গত, সুনির্দিষ্ট কোনো খাতে জনগণের কাছ থেকে অর্থ তুলতে সারচার্জ আরোপ করে সরকার।
ইউএইর সঙ্গে চুক্তি
অনুসমর্থন
দণ্ডপ্রাপ্ত আসামি স্থানান্তর ও নিরাপত্তা সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে স্বাক্ষরিত দুইটি চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর ও নিরাপত্তা সহযোগিতাসহ তিনটি চুক্তিতে সই করে বাংলাদেশ। এর মধ্যে ‘সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর’ ও ‘নিরাপত্তা বিষয়ক সহযোগিতা’ চুক্তিতে সই করেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান। চুক্তির আওতায় উভয় দেশ আলোচনার মাধ্যমে আসামি হস্তান্তর করতে পারবে। এতে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নিজ দেশে সাজা ভোগ করবেন। তবে সাজা মওকুফের ক্ষেত্রে যে দেশ সাজা দিয়েছে সেই দেশের অনুমোদন লাগবে।
লি কুয়ানের মৃত্যুতে
শোক প্রস্তাব
আধুনিক সিঙ্গাপুরের স্থপতি ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, লি কুয়ান ইউ বাংলাদেশের একজন শুভানুধ্যায়ী ছিলেন। তার বিদেশ নীতির কারণে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ়তর হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাদ মাগরিব ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তার দাদা শেখ লুত্ফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মোনাজাত করেন।