কিশোরগঞ্জে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। এতে একজন কনস্টেবল আহত ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রকিব (২৭) নামে এক সন্ত্রাসী পুলিশের হাতে ধরা পড়েছে। সে জেলা শহরের হারুয়া এলাকার আবু তাহেরের পুত্র। তার সহযোগী সন্ত্রাসীরা একটি মাইক্রোযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি চাপাতি ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, কিশোরগঞ্জ-ভৈরব সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেলঘাট-জালুয়াপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে বসে কতিপয় সন্ত্রাসী অপরাধকর্ম সংঘটিত করার জন্য শলা-পরামর্শ করছে মর্মে খবর পেয়ে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের ঘেরাও করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশের প্রতি গুলিবর্ষণ করে। পুলিশও তাদের প্রতি পাল্টা ১৩ রাউন্ড গুলিবর্ষণ করে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ‘ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক রকিব যুবলীগ নেতা মণি হত্যা মামলাসহ ৮টি মামলার পলাতক আসামি। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তির পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ কনস্টেবল মাহবুবকে জেলা সদরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ককে নওগাঁয় বদলি
এ ব্যাপারে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জে মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
ইত্তেফাক/নূহু