গাজীপুরের কাপাসিয়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পাবুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- সূর্যি বেগম (৭৪) ও তার মেয়ে মাদিয়া বেগম (৫০)।
কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আজগর হোসেন খান ঘটনাস্থল থেকে জানান, মঙ্গলবার সকালে বাড়ির লোকজনের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহতের স্বজনরা সকাল ৭টার দিকে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে এবং ঐ দুজনের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেন তারা।
কাপাসিয়া থানার পরিদর্শক আবুল কাশেম জানান, মা-মেয়ে রাতর খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার রাতের কোন এক সময় কে বা কারা রাতের তাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্রে কুপিয়ে তাদের খুন করেছে এবং ঘরে থাকা একটি ট্রাঙ্কের তালা ভেঙ্গে ৪-৫ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে গেছে। কি নিয়ে বা কারা এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। কেউ আটক হয়নি।