বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সম্ভাব্য একটি ঐতিহাসিক চুক্তির রূপরেখা প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার নির্ধারিত চূড়ান্ত দিনের আলোচনা শুরু করেছেন। চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য বেঁধে দেয়া সময়সীমা শেষ হচ্ছে আজ। খবর: এএফপি ও বিবিসির।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী যোগ দিলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত নেই।
বিশ্বের ছয়টি শক্তিধর দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করে আনতে চাপ অব্যাহত রেখেছে, বদলে দেশটির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবার আশ্বাসও দেয়া হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, মঙ্গলবার রাতের আগেই একটা সমাধানে পৌঁছাতে হবে। এজন্য আমরা কঠোর পরিশ্রম করছি।
লসেন থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, ইরান চায় দেশটির উপর থেকে একযোগে সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক, কিন্তু পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলতে চাইছে ধাপে ধাপে।
ইরানের পরমাণু গবেষণা এবং সম্প্রসারণের উপর বিধিনিষেধের প্রকৃতি কি হবে সেটা নিয়েও একমত হওয়া যাচ্ছে না।