বিশ্বকাপ ক্রিকেট বাজে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আইসিসিতে আপিল করতে সরকার ও বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ মঙ্গলবার ডাকযোগে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার, ক্রিকেট বোর্ডের সভাপতি ও ক্রীড়া সচিবকে এই নোটিশ পাঠান।
তার মতে, বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর আউট এবং রুবেল হোসেন একটি বলকে নো-বল কল করে।
আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ বলেন, “আমি খেলা দেখেছি, আমার কাছে মনে হয়েছে, তামিমের কট বিহাইন্ডটিও ঠিক হয়নি। একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে আম্পায়াররা তাদের আচরণবিধি লংঘন করেছেন, যা আইসিসির বিধি অনুসারেই শাস্তিযোগ্য।”
তিনি আরো বলেন, “নোটিশে আমি বলেছি, এভাবে বাংলাদেশ দলকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করায় ক্ষতিপূরণ হিসাবে বিশ্বকাপ ট্রফির দ্বিগুণ মূল্য এবং বাংলাদেশের হারানো গুডউইলের মূল্য হিসাব করে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে।”
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচের বাংলাদেশ ভারতের বিপক্ষে ১০৯ রানে পরাজিত হয়।
পরে আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল নিজেও ওই ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।