পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তার বরাদ্দ প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন, এ সময় তার গাড়ি ভংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার গৌড়িগ্রাম বাজারে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সম্পাদককে প্রধান করে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু তালেব প্রামাণিক। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তালেব প্রামাণিক ঘোড়া প্রতীক নিয়ে শুক্রবার দুপুরে উপজেলার গৌড়িগ্রাম বাজারে গণসংযোগে যান। এ সময় স্থানীয় কয়েক যুবক অতর্কিতে হামলা চালিয়ে প্রার্থীর বহনকারী মাইক্রোবাসটি ভাংচুর করে।
চেয়ারম্যান প্রার্থী আবু তালেব বলেন, ‘ঘোড়া মার্কা প্রতীক পেয়ে শুক্রবার দুপুরে গৌড়িগ্রাম বাজারে নির্বাচনী গণসংযোগে গেলে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর আত্মীয় ও দলীয় নেতাকর্মীরা আমার মাইক্রোবাসটি ভাংচুর করে।’
এ বিষয়ে তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হক সানাকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হামলার ঘটনায় তালেবে দুই সমর্থক আমষের গ্রামের আঃ হামিদ (৪০) ও দক্ষিন বোয়ালমারী গ্রামের সাইদুর রহমার (৪৭) গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, ‘কে বা কারা গাড়ি ভাংচুর করেছে তা আমি জানি না। আমার আত্মীয়-স্বজন বা দলীয় নেতাকর্মীদের কোন হাঙ্গামা করতে কঠোরভাবে নিষেধ করা আছে।’
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন এ ব্যাপারে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়
উল্লেখ্য, ২য় ধাপের নির্বাচন আগামী ১৮ মার্চ সাঁথিয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু