ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

 
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোনা আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেম মঙ্গলবার এই আদেশ দেন।
আসামিরা হলেন- আলী হোসেন ও মাবুদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ জুন অতিথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও অতিথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শাবনুর ওরফে ছুটনী (১০) বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসার পর বাড়ীর সামনের মাঠ থেকে গরু আনতে যায়। এ আলী হোসেন (২৫) ও মামুদ হোসেন ওরফে মাবুদ ছুটনীকে একা পেয়ে ধর্ষণ করে। ছুটনী বিষয়টি বাড়ীতে বলে দেয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে গলা কেটে পাটখেতে লাশ ফেলে রাখে।
এ ব্যাপারে নিহতের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পুলিশ সন্দেহভাজন আলী হোসেন ও মাবুদকে আটক করে আদালতে সোপর্দ করলে আসামীরা ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। বিজ্ঞ বিচারক ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণশেষে আদালত আজ এই রায় দেয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ সিরাজুল হক ও সামছুদ্দিন আহম্মেদ।