গ্রেফতারে কমিশনের অনুমতির প্রয়োজন নেই: শাহনেওয়াজ

 
নির্বাচনের সময় কাউকে গ্রেফতারের অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মো. শাহনেওয়াজ বলেন, পুলিশ বাহিনী নির্বাচনী কাজের জন্য নির্বাচন কমিশনের অধীনে এসেছে। তবে পুলিশ যদি কাউকে গ্রেফতার করতে চায়, সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
তিনি জানান, এবার রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১১ দিন সময় দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার পরে মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো বিধান নেই। রিটার্নিং কর্মকর্তারা কোনো ভুল করেননি। এক্ষেত্রে বিশেষ বিবেচনারও কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশনার জানান, এই কমিশন ছয়টি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করেছে। সব কয়টি সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচন স্বচ্ছ হবে বলে আমরা আশা করছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং বিষয়টি যদি কমিশনের নজরে আসে, সে ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।