ওয়াশিকুর হত্যা: দুই আসামি রিমান্ডে

 
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনায় গ্রেফতার দুই মাদ্রাসাছাত্রকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ইউনূস খান এই রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- জিকরুল্লাহ ও আরিফুল
এর আগে জিকরুল্লাহ ও আরিফুলকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। শুনানি শেষে আদালত আটদিনের রিমান্ড মঞ্জুর করে। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না।
সোমবার তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় প্রকাশ্যে ওয়াশিকুর রহমান বাবুকে (২৬) চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় দুই ঘাতক জিকরুল্লাহ ওরফে জিকির (২০) ও আরিফুর রহমানকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এদের মধ্যে জিকির চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার তাফছীর বিভাগ ও আরিফ ঢাকার মিরপুর-১ নম্বরের দারুল উলুম মাদ্রাসার এবতেদিয়া শ্রেণির ২য় বর্ষের শিক্ষার্থী।