দিল্লিতে চর্বণযোগ্য তামাক নিষিদ্ধ

 
 
 
ভারতের দিল্লিতে নিষিদ্ধ হলো খৈনি, জর্দা, গুটকাসহ চর্বণযোগ্য সকল প্রকারের তামাক। সরকারি এক সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। খবর বিবিসির।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন—সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর থাকবেন তারা। এ দিকে, এই নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা তদারকি করতে পুলিশ ও স্বাস্থ্য অধিদফতরের ঝটিকা অভিযানও চলবে। নিষেধাজ্ঞার কারণে এখন থেকে কেউ এ সব দোকানে রাখলে বা কাউকে খেতে দেখা গেলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আদালতের এক নির্দেশের প্রেক্ষিতে দিল্লির নতুন সরকার গত সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করল।
২০১২ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে গুটকা নিষিদ্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। সে অনুযায়ী সব ধরনের চর্বণযোগ্য তামাক নিষিদ্ধ করা হলো। ভারতে এ ধরনের তামাক সেবনের রেওয়াজ প্রচলিত। সর্বশেষ এক জরিপে দেখা গেছে দিল্লির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১০ শতাংশের বেশি এ ধরনের তামাক সেবন করে থাকেন।