দুদকের ওয়েব সাইট উদ্বোধন

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কনফারেন্স রুমে দুদক আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাইটটি উদ্বোধন করেন। 
দুদক চেয়ারম্যান বলেন, দুদক ওয়েব সাইট উদ্বোধনের মাধ্যমে নতুন যুগে পদার্পণ করল। শুধু সারা দেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষ এখন দুদককের কার্যক্রম সম্পর্কে একটি ক্লিকের মাধ্যমেই জানতে পারবে।
তিনি আরও বলেন, আশা করি যে মহৎ উদ্দেশ্য নিয়ে নতুন সাইটটি চালু করা হলো, সেই উদ্দেশ্য সফল হবে। এর মধ্যমে দুদককে আরও সুন্দরভাবে সকলের কাছে আমরা তুলে ধরতে পারব।
দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে ও উপ-পরিচালক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ, মহাপরিচালক ড. মো. সামসুল আরিফিন, বিগ্রেডিয়ার জে. (অব.) এম এইচ সালাউদ্দিন, মো. শহিদুজ্জামান, মো. জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক ইউং কমান্ডার তাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য, জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) প্রতিনিধি কারিসিমা প্রমুখ।
অনুষ্ঠানে দুদকের সিস্টেম এনালাইসিস্ট রাজিব হাসান এ ওয়েব সাইটের বিভিন্ন দিক তুলে ধরেন। দাতা সংস্থা জিআইজিডের সহযোগিতায় এ ওয়েব সাইট প্রস্তুত করা হয়েছে। সাইটটির ঠিকানা- www.acc.org.bd