জুনের আগে হচ্ছে না ইরানের পারমাণবিক চুক্তি

 
বিশ্বের ক্ষমতাধর ছয়টি দশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সম্ভাব্য একটি ঐতিহাসিক চুক্তির রূপরেখা প্রণয়নের লক্ষে সুইজারল্যান্ডে চলমান বৈঠক মঙ্গলবার শেষ হচ্ছে। বৈঠক শেষে বুধবার যৌথ বিবৃতিতে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানানোর কথা রয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি'র খবরে জানানো হয়েছে, আগামী জুনের মধ্যে একটি সমন্বিত পরমাণু চুক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হবে যৌথ বিবৃতিটিতে। যৌথ বিবৃতিটির সাথে উভয় পক্ষের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
এর আগে একজন মার্কিন কর্মকর্তা মার্চের শেষ নাগাদ একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া যাবে বলে জানানোর পর এখন তার বক্তব্য সংশোধন করে 'চুক্তি' বাদ দিয়ে 'সমঝোতা'র কথা বলেছেন।
উল্লেখ্য, দুই দফা সময় বাড়ানোর পর চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য বেঁধে দেয়া সময়সীমা ৩১ মার্চ শেষ হচ্ছে।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী যোগ দিলেও সোমবারের আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুইজারল্যান্ড ত্যাগ করেন।
ইরান পারমাণবিক বোমা তৈরি করার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে অভিযোগে পশ্চিমা দেশগুলোর সাথে এক দশকেরও বেশি সময় ধরে অচলাবস্থা চলার পর ইরানের পক্ষ থেকে সম্পর্কের বরফ গলানোর আহ্বানে সাড়া দিয়ে এই আলোচনা শুরু হয়। পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা পরিত্যাগ করার বিনিময়ে ইরানের ওপর চলমান অর্থনৈতিক অবরোধ তুলে নিতে পারে পশ্চিমা বিশ্ব। সূত্র: এপি