অবরোধের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বুধবার এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, কারিগরির ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ ও বিকালে বাংলা-১ এবং আলিমে কুরআন মাজিদ (সকল বিভাগ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
অবরোধ ও হরতাল মধ্যে এসএসসি পরীক্ষা বার বার পেছানো হলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘোষিত সময়সূচি অনুযায়ী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে ১১ জুন। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের কারণে ২৬ থেকে ২৯ এপ্রিলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে পরীক্ষাগুলো নেয়া হবে।