ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তে গুলিতে নিরীহ মানুষ হত্যা অবশ্যই বন্ধ হবে। সীমান্তে চোরাকারবারি থামানোর চেষ্টা চলছে। এসব থামানো গেলে সীমান্তে হত্যা বন্ধ হয়ে যাবে। এটি সময়ের ব্যাপার মাত্র। গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রামে তিনবিঘা করিডোর পরিদর্শন শেষে বাংলাদেশের পানবাড়ি বিজিবি ক্যাম্প পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পানবাড়ি বিজিবি ক্যাম্পে পৌঁছলে বিজিবি রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ আলম ও রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফুল দিয়ে স্বাগত জানান। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিজিবি জোয়ানদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় শিলিগুড়ি বিজেপির সাংসদ আলা ওয়ালিয়া, বিএসএফ মহাপরিচালক নীতিশ কুমার ঝাঁসহ ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্মকর্তারা।