গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে আতোয়ার রহমান (৫৫) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের চাচাতো ভাই আব্দুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতোয়ার রহমান ঐ গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
রামজীবন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এটিএম এনামুল হক জানান, দীর্ঘদিন থেকে আতোয়ার রহমানের সঙ্গে তার চাচাতো ভাই একই গ্রামের কিয়াস উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আব্দুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আতোয়ার রহমানের ছোটভাই আশেক আলীর (৪০) সাথে আব্দুর রহমানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহমান তাকে (আশেক আলী) মারপিট করে।
তিনি আরো জানান, এঘটনা শুনে রাত পৌনে ৯ টার দিকে আতোয়ার রহমান ও তার ছেলে রাশেদুল ইসলাম পার্শ্ববর্তী বালাছিরা বাজার থেকে বাড়িতে আসে। পুনরায় ওই ঘটনার জের ধরে তাদের সাথে আব্দুর রহমানের কথাকাটাকাটি একপর্যায়ে তিনি ও তার লোকজন লাঠি, লোহার রড দিয়ে আতোয়ার এবং তার ছেলে রাশেদুলকে এলোপাতারি মারপিট করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ঘিটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।