আগামী তিন বছরে কোন দেশ কী পরিমাণ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারে তার একটি রূপরেখা দিতে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে লেখা এক পত্রে তিনি বিদেশে বাংলাদেশ দূতাবাস প্রধানদের এই নির্দেশ দেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ পর্যায়ে প্রাধান্য দিয়ে স্বাগতিক সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অভিবাসী বাংলাদেশিদের স্বদেশের অর্থনীতিতে অবদান রাখতে উৎসাহিত করতেও নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও সাফল্য বাংলা ও ইংরেজির পাশাপাশি বিভিন্ন ভাষায় উপস্থাপনের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরে ‘ব্রান্ডিং’ করারও আহ্বান জানান ড. মোমেন।
আরও পড়ুন: ইমরান খানকে নোবেল দিতে পাকিস্তানিদের ‘হ্যাশট্যাগ’ ঝড়
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী লক্ষ্যসমূহ অর্জনে আমাদের যেমন অধিকতর বিনিয়োগ দরকার, সেইসঙ্গে উন্নত প্রযুক্তি আহরণ ও ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে দূতাবাসসমূহের সক্রিয় উদ্যোগ নেওয়া দরকার।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে স্বপ্রণোদিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ইত্তেফাক/এমআই