উড়াল সড়কের মূল নির্মাণ কাজ শুরু জুনে: ওবায়দুল কাদের

 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) মূল অবকাঠামো নির্মাণকাজ আগামী জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আয়োজিত পুর্নবাসন নীতি কাঠামো বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণ হলে নগরীর উত্তর-দক্ষিণে যানবাহন চলাচলে বিকল্প সড়ক সৃষ্টি হবে। ফলে নগরবাসীর ভ্রমণ সময় কমবে এবং ভোগ্যপণ্য বাধাহীনভাবে চলাচল করতে পারবে।
এই প্রকল্পে অধিগ্রহণের কারণে মোট ১৫৭ জন তাদের ব্যক্তিগত জমি হারিয়েছেন জানিয়ে তিনি বলেন, পদ্মাসেতু প্রকল্পের আদলে এই উড়াল সেতুর কারণে ক্ষতিগ্রস্থদের পুর্নবাসন করা হবে। এর জন্য ইতোমধ্যে ৪০ একর জমির সংস্থান করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে এই প্রকল্পে এরই মধ্যে ১৩৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজাগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হবে। সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য হবে প্রায় ৪৬ কিলোমিটার, যাতে ব্যয় হবে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। ২০১৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।