সৎ বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

 
পল্লী বিদ্যুতের প্রকৌশলী আবদুর রহমান হত্যা মামলায় তার সৎ ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান বুধবার এই আদেশ দেন।
আসামি নাহিদ পারভেজকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আবদুর রহমানের স্ত্রী নাসরিন রহমান পারুলকে খালাস দেয়া হয়েছে।
রায়ের বিবরণ থেকে জানা যায়, আবদুর রহমান তার স্ত্রী নাসরিন রহমান পারুলের সঙ্গে খিলগাঁওয়ের ৭৪৪/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন। ঐ বাসায় পারুলের আগের পক্ষের ছেলে-মেয়েরাও থাকত। ২০১০ সালের ১৪ অগাস্ট ঐ বাসায় বাড়ি ভাড়া নিয়ে পারুলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবদুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন নাহিদ। হাসপাতালে নেয়ার পর আবদুর রহমান মারা যান। ঐদিনই নিহতের ভাই আব্দুল মতিন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।